এক বাড়িতে ৬৩ বিদেশি উদ্ধার শতাধিক মোবাইল

১২ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৩১ পূর্বাহ্ণ
 0
এক বাড়িতে ৬৩ বিদেশি উদ্ধার শতাধিক মোবাইল

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি নাগরিক, অনলাইন স্ক্যামিংয়ের সন্দেহ

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে ৬৩ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুরু হওয়া অভিযান শেষে শুক্রবার দুপুরে তাদের ভবনটি থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে অর্ধশতাধিক ল্যাপটপ, শতাধিক মোবাইল ফোনসহ বিপুলসংখ্যক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

খুলশী থানার ওসি আবদুর রহিম জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আটক বিদেশিরা গত ১৮ আগস্ট ভবনটি ভাড়া নেন। এরপর থেকেই তারা ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে সেখানে অবস্থান করছিলেন।

পুলিশের ধারণা, ভবনটিতে অবস্থান করে চক্রটি অনলাইন প্রতারণা চালিয়ে আসছিল। তবে তারা কী ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ছিল, তা নিশ্চিত হতে উদ্ধার করা ডিভাইসগুলো পরীক্ষা করা হচ্ছে।

এ ঘটনায় আরও কারা জড়িত এবং চক্রটির সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপসহ বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।