আবাসিক হোটেলের কক্ষে এসি বিস্ফোরণ পুড়ে ছাই পুরো কক্ষের মালামাল
খুলনায় আবাসিক হোটেলে এসি বিস্ফোরণ, পুড়ে গেছে কক্ষের সব মালামাল
খুলনায় একটি আবাসিক হোটেলের কক্ষে এসি বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কক্ষটির আসবাবসহ সব মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত টাইগার গার্ডেন হোটেলের পঞ্চম তলার ৫০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ওই কক্ষে দুইজন অতিথি ছিলেন। এসি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে তারা দ্রুত কক্ষ থেকে বেরিয়ে আসেন। ফলে তারা নিরাপদে বের হতে সক্ষম হন।
খবর পেয়ে সকাল ৯টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় উপপরিচালক মাসুদ সরদার জানান, আগুনে কক্ষটির পুরো মালামাল পুড়ে গেছে। তবে আগুনে অন্য কোনো কক্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।