বাড্ডায় ফার্নিচার গোডাউনে ভয়াবহ আগুন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
বাড্ডায় ফার্নিচার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুল এলাকার একটি ফার্নিচার গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ১৯ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বিবেচনায় পরে পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। পরে প্রয়োজন না থাকায় পূর্বাচলের দুটি ইউনিটকে পথিমধ্যেই ফিরিয়ে দেওয়া হয়।
তবে আগুন লাগার সঠিক কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।