খিলগাঁওয়ে জমজমাট ফুটবল ম্যাচ তরুণদের মাঠমুখী করতে শুভসংঘের উদ্যোগ

৫ সেপ্টেম্বর ২০২৬ - ১০:০৩ পূর্বাহ্ণ
 0
খিলগাঁওয়ে জমজমাট ফুটবল ম্যাচ তরুণদের মাঠমুখী করতে শুভসংঘের উদ্যোগ

খিলগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা ও মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে রাজধানীর খিলগাঁওয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ খিলগাঁও থানা শাখা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) খিলগাঁওয়ের খাদুন এলাকার মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রতিভাবান ও উদীয়মান খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত ম্যাচ ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পাশাপাশি দর্শকদের উৎসাহ ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, বন্ধুত্ব, দলগত সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় এবং খিলগাঁও থানা শাখার সভাপতি মো. আশিক ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের নেতৃত্বে ম্যাচটি আয়োজন করা হয়।

আবদুল হান্নান মিলটন বলেন, তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করার পাশাপাশি তাদের মধ্যে বন্ধুত্ব ও দলগত চেতনা তৈরি করা সম্ভব।

আয়োজনে বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ থানা শাখার সভাপতি আহসানুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ তৈরি করতে ভবিষ্যতেও আরও ক্রীড়া কার্যক্রম আয়োজন করা হবে।