শিবিরকর্মীদের বিরুদ্ধে ঢাবি শিক্ষিকার অভিযোগ ‘অনবরত ট্যাগ দিয়ে হয়রানি করা হচ্ছে’

৫ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৫৭ পূর্বাহ্ণ
 0
শিবিরকর্মীদের বিরুদ্ধে ঢাবি শিক্ষিকার অভিযোগ ‘অনবরত ট্যাগ দিয়ে হয়রানি করা হচ্ছে’

শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ঢাবি শিক্ষিকার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

মোনামীর দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্লাসের ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাদের মধ্যে একজন শিবিরের সমর্থক বা সংগঠনটির সঙ্গে যুক্ত বলেও দাবি করেন তিনি। বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নেন তিনি।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অনবরত ট্যাগ করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন এই শিক্ষিকা।

ফেসবুক পোস্টে মোনামী বলেন, তাকে বিভিন্নভাবে টিপ্পনী ও কটূক্তির মাধ্যমে নাজেহাল করা হচ্ছে। রাজনৈতিক বিরোধের পাশাপাশি অতীতে শিবিরকে ভালো বলার বিষয়টিও এ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সরাসরি কিংবা পরোক্ষভাবে—যেভাবেই হোক, একজন নারীকে হয়রানি করাই যেন তাদের উদ্দেশ্য।

তবে মোনামীর এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।