আহত প্রতিমন্ত্রী আবুল বারী হাসপাতালে দেখতে গেলেন রুহুল কবির রিজভী
আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রতিমন্ত্রীকে দেখতে যান তিনি। এ সময় আবুল বারীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন রিজভী।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন ও কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। রিজভী কিছু সময় প্রতিমন্ত্রীর পাশে বসে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকেও তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বেগম আহত হন।
পরে তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে ঢাকায় পাঠানো হয়।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর দুই পা ও বুকে আঘাত লেগেছে।