অভিনয় নিয়ে পপির বিস্ফোরক বক্তব্য! ‘সিনেমাকে আজও ভালোবাসি’

২ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:৫৬ অপরাহ্ণ
 0
অভিনয় নিয়ে পপির বিস্ফোরক বক্তব্য! ‘সিনেমাকে আজও ভালোবাসি’

‘একবারের জন্যও বলিনি, অভিনয় করে পাপ করেছি’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মন্তব্যকে কেন্দ্র করে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই দাবি করেন, চলচ্চিত্রে অভিনয় করাকে ‘পাপ’ হিসেবে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

তবে এমন দাবিকে সরাসরি নাকচ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পপি। তিনি জানিয়েছেন, অভিনয়কে কখনোই পাপ হিসেবে দেখেননি এবং চলচ্চিত্র নিয়েও কোনো নেতিবাচক মন্তব্য করেননি।

গণমাধ্যমকে পপি বলেন, ‘আমি আমার বক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি নিজের ভুল বা ভুলত্রুটির জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে পারে না?’

তিনি আরও বলেন, ‘আমরা জেনে-না জেনে অনেক ভুল করি। সেসব ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কি অন্যায়? জীবনের কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে যদি সংসার নিয়ে শান্তিতে থাকতে পারি, তাহলে তা নিয়ে জলঘোলা করার কিছু দেখি না।’

অভিনয়জীবন নিয়ে পপি বলেন, যে শিল্প তাকে যশ, খ্যাতি ও সম্মান এনে দিয়েছে, সেই চলচ্চিত্রকে ছোট করার প্রশ্নই আসে না। দীর্ঘদিন পরিশ্রম করে এই মাধ্যম থেকেই আয় করেছেন এবং দর্শকের ভালোবাসা পেয়েছেন বলেও জানান তিনি।

পপির ভাষায়, ‘সিনেমাকে আমি আজও মন থেকে ভালোবাসি ও শ্রদ্ধা করি।’

পছন্দসই গল্প পেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছা রয়েছে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে নিজের জীবনভিত্তিক বা বায়োগ্রাফি নিয়ে নির্মিত সিনেমায় অভিনয়ের আগ্রহ রয়েছে তার। পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত অভিনয় না করলেও প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফেরার ইচ্ছা রয়েছে পপির।