গুম-অত্যাচারের দিন শেষ দেশে আর থাকবে না নির্যাতন
দেশে আর গুম-অত্যাচার-নির্যাতনের দিন থাকবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত সমাজ গড়ে তোলার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে আর গুম, অত্যাচার ও নির্যাতন নামে কোনো শব্দ থাকবে না। গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। একই সঙ্গে অতীতে ঘটে যাওয়া গুম-খুন ও নির্যাতনের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হবে। অতীতে এ দিবস পালন করতে বাধা দেওয়া হলেও এখন গণতান্ত্রিক পরিবেশে দিবসটি যথাযথভাবে পালন করা হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, দেশে গুমের দিন শেষ হয়ে গেছে। অতীতের ভয়াবহ অধ্যায় পেরিয়ে ন্যায়বিচারের দেশ প্রতিষ্ঠা করতে চায় সরকার। গুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা যেন আর কখনো না ঘটে, সে জন্য সরকার কাজ করছে।