ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি যানজট ঘণ্টার পর ঘণ্টা আটকে হাজারো মানুষ

২৯ আগস্ট ২০২৬ - ০৮:৫৩ পূর্বাহ্ণ
 0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি যানজট ঘণ্টার পর ঘণ্টা আটকে হাজারো মানুষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার দিনভর থেমে থেমে যান চলাচল করলেও বিকেলের পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর থেকে দাউদকান্দি হয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে।

শনিবার সকালেও মহাসড়কের এই অংশে যানবাহন প্রায় স্থবির হয়ে ছিল। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রী, চালক ও পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা।

রাতে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর ব্রিজ এলাকা থেকে দাউদকান্দি পর্যন্ত ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কোথাও ধীরগতিতে গাড়ি চললেও বেশির ভাগ সময় যানবাহন প্রায় স্থির ছিল।

যানজটে আটকে থাকা যাত্রীরা জানান, সন্ধ্যায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিলেও রাত গভীর হওয়ার পরও তারা দাউদকান্দি পার হতে পারেননি। বাসের মধ্যে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাসচালকদের দাবি, মহাসড়কে এমনিতেই যানবাহনের চাপ বেশি। এর মধ্যে আষাঢ়িয়ার চর এলাকায় একটি লেন বন্ধ থাকায় সব গাড়িকে একটি লেন দিয়ে চলাচল করতে হচ্ছে। এ কারণেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে আষাঢ়িয়ার চর এলাকায় ঢাকামুখী অংশে বড় গর্ত তৈরি হওয়ায় জরুরি ভিত্তিতে মেরামতকাজ শুরু করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল ইসলাম জানান, আষাঢ়িয়ার চর এলাকায় দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছে।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক দল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।