অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা! গঠিত হলো পুলিশের বিশেষ ইউনিট
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। এসব অস্ত্রের সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় কর্মক্ষেত্রে পুলিশের প্রযুক্তিগত সহায়তা বাড়ানোসহ বিভিন্ন প্রয়োজনের কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার কাজ করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধীরে ধীরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট কাজ করবে এবং অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে নির্ধারিত পরিমাণে পুরস্কার দেওয়া হবে