গারো পাহাড়ে ‘ইত্যাদি’ দেখা যাবে আজ রাতেই

২৫ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:২৭ পূর্বাহ্ণ
 0
গারো পাহাড়ে ‘ইত্যাদি’ দেখা যাবে আজ রাতেই

গারো পাহাড়ের পাদদেশে ‘ইত্যাদি’, দেখা যাবে আজ

গারো পাহাড়ের পাদদেশে এবার বসেছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র আসর। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের মনোরম পরিবেশে ধারণ করা হয়েছে এবারের বিশেষ পর্ব। আজ রাতেই দর্শকদের জন্য প্রচার হবে অনুষ্ঠানটি।

দেশের লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের নানা দিক তুলে ধরার ধারাবাহিকতায় এবার জামালপুরকে ঘিরে সাজানো হয়েছে ‘ইত্যাদি’র আয়োজন।

এ পর্বে থাকছে দুটি ভিন্নধর্মী গান। একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। অন্যটি জামালপুরের পরিচিতিমূলক নৃত্যগীত, যেখানে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। গানটির সঙ্গে স্থানীয় বাঙালি ও গারো শিল্পীরা নৃত্য পরিবেশন করেছেন।

এ ছাড়া থাকছে বেশ কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে চীনের ঐতিহ্যবাহী ও আধুনিক প্রযুক্তিনির্ভর শহর সুঝৌর নানা চিত্র।

অনুষ্ঠানে কাশেম টিভির রিপোর্টার ও তার নাতির প্রাণবন্ত আলাপের পাশাপাশি সামাজিক অসংগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে থাকছে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

আজ ২৫ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে জামালপুরের গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’র এবারের পর্ব।