স্বর্ণের দামে বড় লাফ! ৩ মাসের মধ্যে সর্বোচ্চ

২৪ আগস্ট ২০২৬ - ১২:৫৬ অপরাহ্ণ
 0
স্বর্ণের দামে বড় লাফ! ৩ মাসের মধ্যে সর্বোচ্চ

মার্কিন ডলারের দুর্বলতার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (২৪ আগস্ট) মূল্যবান এই ধাতুর দাম বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

বাজারে স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও ভবিষ্যৎ সুদের হার নিয়ে নতুন সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে দাম ১৫ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এর আগে গত সপ্তাহেও স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দর কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি থাকায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। সাধারণত ডলারের দাম কমে গেলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে যায়। ফলে স্বর্ণের চাহিদা বাড়ে এবং দামেও এর প্রভাব পড়ে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের জুলাই মাসের ব্যক্তিগত ভোগ ব্যয় বা পিসিই মূল্যসূচকের দিকে বিশেষ নজর রাখছেন বিনিয়োগকারীরা। এই সূচক দেশটির মূল্যস্ফীতির পরিস্থিতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

পাশাপাশি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশের বক্তব্য থেকেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সুদের হার কোন দিকে যেতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়ার চেষ্টা করছেন বাজারসংশ্লিষ্টরা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনাও বৈশ্বিক বাজারে প্রভাব ফেলছে। ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।

অন্যদিকে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার কারণে তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলারে প্রায় অপরিবর্তিত ছিল। প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে। আর প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৩৫০ ডলারে রয়েছে।