ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল বিক্রি ৪১ কোটি টাকায়!

২৪ আগস্ট ২০২৬ - ১২:৪৯ অপরাহ্ণ
 0
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল বিক্রি ৪১ কোটি টাকায়!

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক দুটি গোলের সাক্ষী সেই ফুটবলটি নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৪১ কোটি টাকারও বেশি।

টেক্সাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস শনিবার বলটি বিক্রি করে। নিলামের আগে প্রতিষ্ঠানটি ধারণা করেছিল, বলটির দাম ১ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার তুলনায় অনেক কম দামে এটি বিক্রি হয়েছে।

বলটি ছিল ১৯৮৬ বিশ্বকাপে ব্যবহৃত অ্যাডিডাস আজতেকা মডেলের। ওই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ে এই বল দিয়েই ম্যারাডোনা করেছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দুটি গোল।

ম্যাচের ৫১ মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের লড়াইয়ে উঠে বাঁ হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। রেফারি আলি বিন নাসের ঘটনাটি স্পষ্টভাবে দেখতে না পাওয়ায় গোলটি বৈধ ঘোষণা করেন।

পরে ম্যারাডোনা মজা করে গোলটিকে ‘ম্যারাডোনার মাথা আর ঈশ্বরের হাতের’ মিশেল বলে বর্ণনা করেছিলেন। এরপর থেকেই গোলটি ফুটবল বিশ্বে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত হয়ে ওঠে।

এর মাত্র চার মিনিট পর একই ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যারাডোনা। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করেন তিনি। পরবর্তীতে ফিফার ভোটে এই গোলটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়।

ঐতিহাসিক ম্যাচে ব্যবহৃত বলটি দীর্ঘদিন তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসেরের সংগ্রহে ছিল। ২০২২ সালে ম্যাচের ৩৬ বছর পর প্রথমবার বলটি নিলামে তোলা হয়। সে সময় গ্রাহাম বাড অকশনে এটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

এরপর ২০২৩ সালে আবার নিলামে তোলা হলেও নির্ধারিত সংরক্ষিত মূল্য না ওঠায় সেটি বিক্রি হয়নি। এবার নতুন করে নিলামে তোলার পর ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে বিক্রি হলো ম্যারাডোনার ঐতিহাসিক সেই বল।

তবে ম্যারাডোনার সেই ম্যাচের জার্সির দাম ছিল আরও বেশি। ২০২২ সালে সোথবিজের নিলামে তার পরা জার্সিটি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল, যা সে সময় ম্যাচে ব্যবহৃত কোনো ক্রীড়া সামগ্রীর জন্য রেকর্ড তৈরি করে।