গান্ধীর ৬৮৮ হাতে লেখা বার্তা বিক্রি ১৬ কোটি রুপিতে
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা নিলামে বিক্রি হয়েছে ১৬ কোটি ২০ লাখ রুপিতে। নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট জানিয়েছে, কোনো ঐতিহাসিক ভারতীয় নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি বিশ্বরেকর্ড।
ভারতে অনুষ্ঠিত এই নিলামে গান্ধীর লেখা বার্তাগুলো বিক্রি হয় ১২ লাখ ব্রিটিশ পাউন্ডে। নিলামের আগে এগুলোর সম্ভাব্য মূল্য ১৫ কোটি থেকে ২৫ কোটি রুপি নির্ধারণ করা হয়েছিল।
গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ও স্বাধীনতা আন্দোলনের সহযোদ্ধা আনন্দ টি হিঙ্গোরানিকে উদ্দেশ্য করে এসব বার্তা লেখা হয়েছিল। স্যাফরনআর্টের তথ্য অনুযায়ী, ১৯৪৪ সালের ২০ নভেম্বর থেকে ১৯৪৬ সালের ১০ অক্টোবরের মধ্যে গান্ধী এসব বার্তা লিখেছিলেন।
হিঙ্গোরানির স্ত্রী বিদ্যার মৃত্যুর পর তিনি গভীর শোক ও একাকিত্বের মধ্যে ছিলেন। একই সময়ে কানে কম শোনার সমস্যার কারণে তিনি প্রাকৃতিক চিকিৎসাও নিচ্ছিলেন। বন্ধুর কঠিন সময়ে পাশে দাঁড়াতে গান্ধী প্রতিদিন নিজের হাতে ছোট ছোট উপদেশ ও ভাবনা লিখে পাঠাতেন।
পরবর্তীতে এসব লেখা সংকলন করে ‘আ থট ফর দ্য ডে’ নামে একটি বই প্রকাশ করা হয়। নিলাম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, নিজের ব্যস্ততার মধ্যেও গান্ধী হিঙ্গোরানির জন্য সময় বের করে প্রতিদিন এসব ভাবনা লিখতেন। আর হিঙ্গোরানি সেগুলো যত্নসহকারে সংরক্ষণ করতেন।
৬৮৮টি বার্তায় গান্ধীর দর্শন ও আদর্শের নানা দিক উঠে এসেছে। সত্য, অহিংসা, আত্মনিয়ন্ত্রণ, লোভহীনতা, নির্ভীকতা, ধর্মীয় সমতা, প্রার্থনা, সেবা, শ্রম, কর্তব্য, নীরবতা, বিবেক, আত্মোপলব্ধি এবং ঈশ্বরের সন্ধানের মতো বিষয় রয়েছে এসব লেখায়।
এ ছাড়া ১৯৩০ ও ১৯৩১ সালের দিকে লেখা নয়টি চিঠির একটি সংগ্রহও নিলামে তোলা হয়। এসব চিঠিতে আনন্দ ও বিদ্যার বিয়ে, পরিবারের আপত্তি, আর্থিক স্বাধীনতা এবং পারিবারিক দায়িত্ব নিয়ে গান্ধীর মতামত উঠে এসেছে।
হিঙ্গোরানি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে গান্ধীর এসব লেখা ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ করে আসছিল। স্যাফরনআর্ট ‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অব আনন্দ টি হিঙ্গোরানি’ নামে মোট ৮৬টি ঐতিহাসিক সামগ্রীর নিলাম আয়োজন করে।
নিলামে গান্ধীর আরও কিছু সামগ্রীও বিক্রি হয়েছে। ‘মেসেজ অন গড’ নামে তিনটি পাণ্ডুলিপি ও চিঠির সংগ্রহ বিক্রি হয় ১ কোটি ৬৮ লাখ রুপিতে। তাঁর বহনযোগ্য বাক্সে রাখা একটি চরকা এবং চরকায় সুতা কাটার আধ্যাত্মিক অনুশীলন নিয়ে লেখা দুটি চিঠির সংগ্রহ বিক্রি হয়েছে ১ কোটি ২ লাখ রুপিতে।
এ ছাড়া লেখার টেবিলে বসা গান্ধীর একটি স্বাক্ষরিত ছবি ৭৮ লাখ রুপি এবং অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে তাঁর লেখা চিঠি ও পোস্টকার্ডের সংগ্রহ ৫৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে।
তবে গান্ধীর ঐতিহাসিক নথি ও ব্যক্তিগত সামগ্রী নিলামে বিক্রি হওয়ায় উদ্বেগ জানিয়েছেন ইতিহাসবিদদের অনেকে। দিল্লির ন্যাশনাল গান্ধী মিউজিয়ামের পরিচালক এ আনামালাই বলেন, গান্ধীর চিঠি ও ব্যক্তিগত সামগ্রী শুধু ব্যক্তিগত সম্পত্তি নয়; এগুলো ভারতের ইতিহাস ও সাধারণ মানুষের ঐতিহ্যের অংশ।
তিনি এসব ঐতিহাসিক নিদর্শন নিলামে বিক্রি না করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।