রাজনীতি যার যার, ব্যবসায় এগিয়ে যাক বাংলাদেশ-ভারত!

২৪ আগস্ট ২০২৬ - ১২:২৩ অপরাহ্ণ
 0
রাজনীতি যার যার, ব্যবসায় এগিয়ে যাক বাংলাদেশ-ভারত!

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেছেন, রাজনীতি তার নিজস্ব গতিতে চলবে, তবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থা উন্নত করতে বাংলাদেশ ও ভারতকে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে হবে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ অত্যন্ত মেধাবী। বিশেষ করে দুই দেশের তরুণ প্রজন্মের রয়েছে নানা স্বপ্ন ও প্রত্যাশা। তাদের সেই প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দুই দেশেরই দায়িত্ব।

তিনি বলেন, সাধারণ মানুষ চাকরি চায়, ভালো শিক্ষা চায়, উন্নত স্বাস্থ্যসেবা চায়। পাশাপাশি ভালো রাস্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থাও চায়। আর এসব চাহিদা পূরণে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের রাজনৈতিক ও অর্থনৈতিক—দুটি দিকই রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক ইস্যু ও মতপার্থক্য থাকবেই। কিন্তু সাধারণ মানুষের মূল চাওয়া উন্নয়ন ও সমৃদ্ধি। আর উন্নয়ন ছাড়া কোনো দেশের অগ্রগতি সম্ভব নয়।

দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক নির্ভরশীলতার ওপর জোর দেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ যেমন ভারতের ওপর নির্ভর করবে, তেমনি ভারতও বাংলাদেশের ওপর নির্ভর করবে। এই পারস্পরিক সহযোগিতাই দুই দেশের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, অর্থনীতি ও রাজনীতি দুটিই গুরুত্বপূর্ণ। তবে সাধারণ মানুষের সবচেয়ে বড় চাওয়া শান্তি। কারণ শান্তি থাকলেই আসে সমৃদ্ধি। তাই দুই দেশের তরুণ প্রজন্মের জন্য শান্তি ও উন্নয়নের সুযোগ তৈরি করা প্রয়োজন।

দুই দেশেই তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে পোশাক খাতে যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, “আসুন আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাই, রাজনীতি তার নিজের পথে চলবে।”

বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে সমতার ওপরও গুরুত্ব দেন তিনি। তার ভাষায়, বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এখানে কেউ বড় বা ছোট নয়, বরং উভয় দেশই সমান। পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে হবে।