জাতিসংঘে নতুন দায়িত্ব লিগ্যাল অফিসার জাইমা রহমান

২৫ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৩৮ পূর্বাহ্ণ
 0
জাতিসংঘে নতুন দায়িত্ব লিগ্যাল অফিসার জাইমা রহমান

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।

জাইমা রহমান লিগ্যাল অফিসার হিসেবে কার্যালয়ের আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করার পর যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন তিনি। চলতি বছরের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও উত্তীর্ণ হন জাইমা।

এদিকে খলিলুর রহমানের কার্যালয়ের ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম।

এছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।