রাজধানীতে ‘পিংক বাস’ চালু যেসব রুটে চলবে নারী বাস

১৮ আগস্ট ২০২৬ - ১২:২১ অপরাহ্ণ
 0
রাজধানীতে ‘পিংক বাস’ চালু যেসব রুটে চলবে নারী বাস

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস’। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন—বিআরটিসির উদ্যোগে গোলাপি রঙের এসব বাসে নারী যাত্রীদের জন্য বিশেষ পরিবহনসেবা দেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পিংক বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাসসহ মোট চারটি বাসও এ সার্ভিসের আওতায় চলবে। সব মিলিয়ে ১৩৪টি স্টপেজে পিংক বাস পরিচালিত হবে।

বাসগুলোতে পিওএস মেশিনের মাধ্যমে ই-টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া একটি বাসে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ওয়াই-ফাই এবং তিনটি বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বাসেও এসব সুবিধা যুক্ত করা হবে।

মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নারী যাত্রীদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা ও রুট আরও বাড়ানো হবে। পাশাপাশি ধাপে ধাপে সেবার মানও উন্নত করা হবে।

রাজধানীতে মোট ৯টি রুটে চলবে পিংক বাস—

১. নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল
কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল।

২. তালতলা-মতিঝিল
তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল।

৩. ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও
ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও।

৪. মিরপুর-১০-মতিঝিল
মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।

৫. মিরপুর-মতিঝিল
মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল।

৬. মিরপুর-১২-মতিঝিল
মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।

৭. মোহাম্মদপুর-মতিঝিল
মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।

৮. আব্দুল্লাহপুর-মতিঝিল
আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।

৯. গাজীপুর-বিমানবন্দর
গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর।

বিআরটিসি জানিয়েছে, নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করাই এই বিশেষ বাস সার্ভিসের মূল লক্ষ্য। ভবিষ্যতে যাত্রীচাহিদা অনুযায়ী রুট ও বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।