হাত-পা বেঁধে ডাকাতি! লুট ২১ লাখ টাকার মালামাল

১৭ আগস্ট ২০২৬ - ১২:৫৯ অপরাহ্ণ
 0
হাত-পা বেঁধে ডাকাতি! লুট ২১ লাখ টাকার মালামাল

রাজবাড়ীর পাংশা উপজেলার হাট বনগ্রাম বাজারে তিনটি জুয়েলারি ও একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাজারের দুই নৈশপ্রহরীকে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে প্রায় ২১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

সোমবার (১৭ আগস্ট) রাত ৩টা থেকে ৪টার মধ্যে কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দোকান মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল মার্কেটে প্রবেশ করে। পরে তারা নৈশপ্রহরী কালু ও জাকিরকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর মার্কেটের চারটি দোকানের তালা কেটে ভেতরে ঢুকে লুটপাট চালায়।

ডাকাতরা গ্যারান্টি জুয়েলার্স থেকে প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকার স্বর্ণ, রুপা ও নাকফুল নিয়ে যায়। সুস্মিতা জুয়েলার্স থেকে প্রায় ২ লাখ ১৫ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে জানান দোকান মালিক।

এ ছাড়া লক্ষ্মী জুয়েলার্স থেকে প্রায় ১১ লাখ টাকার স্বর্ণ ও রুপা এবং রাহুল ফার্মেসি থেকে ক্যাশ বাক্স ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল।

সব মিলিয়ে চারটি দোকান থেকে প্রায় ২১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাস জানান, ভোরে ফোন পেয়ে তিনি দোকানে এসে দেখেন, দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। তিনি জানান, তার দোকানে দেড় ভরি স্বর্ণ ও বিপুল পরিমাণ রুপা ছিল।

তিনি আরও জানান, বাজারে তিনজন নৈশপ্রহরী ছিলেন। তাদের মধ্যে একজন বাজারের অন্য পাশে থাকায় ডাকাতির ঘটনা টের পাননি। আর অন্য দুই নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি মাঠে ফেলে রেখে যায় ডাকাতরা।

ঘটনার খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি, জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।