লন্ডনে উদযাপিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী

৪ আগস্ট ২০২৬ - ১৬:২১ অপরাহ্ণ
 0
লন্ডনে উদযাপিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী

‘বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় নজরুল’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার ইউকের আহ্বায়ক এমাদুর রহমান এমাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব শিবলু রহমান ও এম. আরিফ আহমেদ।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক চৌধুরী মহসিন আকবরী। এছাড়া বক্তব্য রাখেন শরিফুজ্জামান চৌধুরী তপন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ন ম ওহিদ আহমাদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি তাইছীর মাহমুদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রথিতযশা সংগীতশিল্পী আলাউর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব আখলাকুল রহমান লুকু এবং আবুল হোসেন।

আলোচকরা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের জাতীয় কবিই নন; তিনি চেতনার কবি, জাতিসত্তার কবি, দ্রোহের কবি, প্রেমের কবি ও জাগরণের কবি। সাহিত্য ও সংস্কৃতির প্রায় প্রতিটি শাখায় তাঁর অসামান্য বিচরণ ছিল। রাষ্ট্র ও সমাজে দুর্নীতি, অসামাজিক কুসংস্কার, অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে তাঁর কলম ছিল সদা সোচ্চার। রাষ্ট্র ও সমাজে বৈষম্য দূরীকরণে নজরুলের সাহিত্য আজও অনুপ্রেরণার অন্যতম চালিকাশক্তি। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে তাঁর প্রতিবাদী গান মানুষের প্রেরণার উৎস হয়ে রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকারের উদ্যোগে চলতি বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানান। এ সময় কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার ইউকে এবং উপস্থিত সকলের পক্ষ থেকেও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম মামুন, সাংবাদিক শরিফুজ্জামান, গুলজার খান, খালেদ চৌধুরী, জিয়াউল হক জিয়া, শাহানুর আলী, আব্দুল করিম নিপু, ইস্তাব উদ্দিন আহমদ, সোনিয়া তাসনিম, সাজমীন আক্তার পারুল, আবুল কাহার সালাম, হাবিবুর রহমান বাবলু, আব্দুল হাই চৌধুরী বাবুল, কামাল খান, এম. এ. শহীদ, এমদাদুল মান্নান চৌধুরী তারহাম, শফিকুল ইসলাম কাজল, মমতাজ রহমান, সেলিনা নাজমিন, কামরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন অনুরা বৈভব মালঞ্চ। কবিতা আবৃত্তি করেন মাহতির মো. মিজান। শিশু শিল্পী রোজলীন একক নৃত্য পরিবেশন করেন।

দলীয় ও একক নজরুলসংগীত পরিবেশন করেন অহনা চৌধুরী, পূনম ঘোষ, সাদমান সাহিদ খান, ডা. সুতপা ধর, বাপিতা রায়, সাদিয়া আফরোজ চৌধুরী, শিবলু রহমান, তানভীর খান, অমিত দে, আলাউর রহমান, সুনয়ন চৌধুরী এবং জান্নাতী কাওছার লীনা।

যন্ত্রসংগীতে সহযোগিতা করেন কিবোর্ডে অমিত দে, অক্টোপ্যাড ও শব্দ নিয়ন্ত্রণে তানিম আহমেদ এবং তবলায় পিয়াস বড়ুয়া।