যুদ্ধের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ওমান
ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালার প্রায় ১৯৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ জুলাই) সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে সৌদি আরবের জাতীয় ভূকম্পন নেটওয়ার্কের স্টেশনগুলোতে এই কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ওমানের ধোফার গভর্নরেটের রাজধানী সালালার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের তলদেশে।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের আর্থকোয়েক মনিটরিং সেন্টারের তথ্যমতে, আরব সাগরে সৃষ্ট এই ভূকম্পন ‘ওয়েন ফ্র্যাকচার জোন’-এর সঙ্গে সম্পর্কিত। এটি একটি ট্রান্সফর্ম ফল্ট বা বিচ্যুতি অঞ্চল, যা আরব ও ভারতীয় টেকটোনিক প্লেটকে পৃথক করেছে। এই অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়া স্বাভাবিক ঘটনা।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের অন্য সব দেশের মতো ওমানেও যুদ্ধের আঁচ লেগেছে। দেশটিতে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এ ছাড়া দেশটির উপকূলে বেশ কয়েকটি জাহাজও হামলার শিকার হয়েছে।
একই দিনে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শুক্রবারের এই ভূকম্পনের ফলে পার্শ্ববর্তী গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন স্থানে ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের জেরে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।