গত ৪ দিনে পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

৯ জুলাই ২০২৬ - ১৬:০৪ অপরাহ্ণ
 0
গত ৪ দিনে পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে গত ৪ দিনে পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, মুষলধারে বৃষ্টি ও সৃষ্ট নিম্নচাপের কারণে বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রামে ৫ জন, কক্সবাজারে ১৯ জন, রাঙ্গামাটিতে একজন এবং বান্দরবানে ৫ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, দুর্গত এলাকায় ইতোমধ্যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। চট্টগ্রামে ৪১১টি, কক্সবাজারে ৬৪০টি, রাঙ্গামাটিতে ২১টি, খাগড়াছড়িতে ১৩৫টি এবং বান্দরবানে ২২০টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামে ৮ হাজার ৩৪০ জন, কক্সবাজারে ১২ হাজার ৬ জন, খাগড়াছড়িতে ১ হাজার ৭৫৫ জন এবং বান্দরবানে ২ হাজার ১৭৩ জন আশ্রয় নিয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, গত ৭ জুলাই দুর্গত এলাকার সহায়তায় প্রতিটি জেলায় ১০ লাখ টাকা করে নগদ অর্থ এবং ২০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া নতুন করে আজ চট্টগ্রামের জন্য ২৫ লাখ টাকা, কক্সবাজারের জন্য ২০ লাখ টাকা এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ১০ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি জানান, খাদ্য সহায়তা হিসেবে চট্টগ্রামের জন্য ৩০০ মেট্রিক টন, কক্সবাজারের জন্য ২৫০ মেট্রিক টন এবং খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ২০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

এ ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুর্গত প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।