সাংবাদিকতা পবিত্র পেশা, তবে মিথ্যা সংবাদ গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল। আমরা সব সময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাকশালকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। বিগত এক সময়ে প্রত্যেকটি সংবাদপত্র বন্ধ করেদেওয়া হয়েছিল। তখন তিনি সব সংবাদপত্র খুলে দিয়েছিলেন। সাংবাদিকদেরও স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনের সুযোগ করে দিয়েছিলেন। শহিদ জিয়ার সেই দল ১৭ বছর আন্দোলনের পর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারে এসেছে।
তিনি আরও বলেন, বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা স্বৈরাচারের বিরুদ্ধে মতপ্রকাশ ও সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন, অনেকে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। কেউ কেউ আহত ও নিহত হয়েছেন। অনেক সাংবাদিকের পরিবারও ১৭-১৮ বছর ধরে কষ্টের মধ্যে ছিল। আমি সেই সব সাংবাদিককে স্মরণ করছি। আপনারা যারা বিগত দিনে চরম অত্যাচারের মধ্যেও সাহসের সঙ্গে সত্য সংবাদ পরিবেশন করেছেন, তাদের এই সাহসিকতার জন্য অবশ্যই সাধুবাদ জানাই।
শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছর সাংবাদিকরা গুলি উপেক্ষা করে নির্ভয়ে সংবাদ পরিবেশন করেছেন। তৎকালীন বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছিল। তারা যদি সঠিক সংবাদ পরিবেশন না করতেন, তাহলে সারাদেশের মানুষ জানতে পারত না যে স্বৈরাচারের দ্বারা মানুষ কী ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন।
বিএনপির এই নেত্রী বলেন, ৫ আগস্ট যে অত্যাচার-নির্যাতন চালানো হয়েছিল, সেই সংবাদও সাংবাদিকরা সুষ্ঠুভাবে পরিবেশন করেছিলেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামের খবর তারা তুলে ধরেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও গ্রামে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন, সেই সংবাদও তারা প্রকাশ করেছেন। এজন্য দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।
সাংবাদিকতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র পেশা আখ্যায়িত করে তিনি বলেন, আপনারা যেমন সংবাদ প্রকাশ করতে পারেন, তেমনি অনেক সময় কিছু সংবাদপত্রে ভুল তথ্য দিয়েও সংবাদ পরিবেশন করা হয়। অনেক ক্ষেত্রে এআই ব্যবহার করে বিরোধী মতকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। সেগুলোর বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার রয়েছে। সুতরাং আমাদের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।
এর আগে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে সালথা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ওসি বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফসহ অন্যান্যরা।