ইরানি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে বাধা: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানের অভিযোগ

১০ জুন ২০২৬ - ০৭:৩১ পূর্বাহ্ণ
 0
ইরানি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে বাধা: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানের অভিযোগ

ফুটবল বিশ্বকাপে মার্কিন মুলুকে ইরানের ম্যাচগুলোকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দেশটির অভিযোগ, যেসব স্টেডিয়ামে ইরানের জাতীয় ফুটবল দলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে ইরানি সমর্থকদের প্রবেশে বাধা দিচ্ছে মার্কিন প্রশাসন।

ইরানের ফুটবল ফেডারেশনের বরাতে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ক্রীড়ার প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে। এর ফলে ২৩তম বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচের জন্য নির্ধারিত স্টেডিয়ামগুলোতে ইরানি দর্শকদের প্রবেশে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি অংশগ্রহণকারী দেশের জন্য ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ সংরক্ষিত থাকে। এই কোটা অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সমর্থকেরা নিজ নিজ ফুটবল ফেডারেশনের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় টিকিট সংগ্রহ করতে পারেন। সেই নিয়ম অনুসারে ইরানের ফুটবল ফেডারেশন তাদের প্রাপ্য টিকিট কোটা পাওয়ার পর নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে ম্যাচগুলোর টিকিট নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি শুরু করে।

তবে ফেডারেশনের অভিযোগ, হঠাৎ করেই যুক্তরাষ্ট্র এই বরাদ্দকৃত টিকিট কোটা প্রত্যাহার করে নেয়। এর ফলে বর্তমানে ইরানি সমর্থকদের জন্য কোনো টিকিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অথচ আগেই ঘোষিত নিয়ম অনুযায়ী অনেক সমর্থক ম্যাচ দেখার প্রস্তুতি সম্পন্ন করেছিলেন।

ইরানের ফুটবল ফেডারেশনের দাবি, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার নীতিমালা এবং অংশগ্রহণকারী দেশগুলোর সমান অধিকারের পরিপন্থী।

তেহরানের মতে, এটি ক্রীড়ার চেতনার বিরোধী এবং আন্তর্জাতিক আসরে রাজনৈতিক হস্তক্ষেপের একটি বড় উদাহরণ।