রোনালদো ভক্ত অস্ট্রিয়ার গোলরক্ষকের মেসিকে ‘চ্যালেঞ্জ’

২১ জুন ২০২৬ - ১৭:২৮ অপরাহ্ণ
 0
রোনালদো ভক্ত অস্ট্রিয়ার গোলরক্ষকের মেসিকে ‘চ্যালেঞ্জ’

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আলোচনায় উঠে এসেছেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে লিওনেল মেসির চেয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তার ঝোঁক বেশি।

আগামীকাল ২২ জুন (সোমবার) ডালাসে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে প্রশ্ন করা হলে ৩০ বছর বয়সী এই গোলরক্ষক অকপটে বলেন, ‘মূলত আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত।’

তবে নিজের পছন্দের কথা জানালেও মেসির প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে ভোলেননি শ্লাগার। তিনি বলেন, ‘মেসি এমন একজন খেলোয়াড়, যিনি দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করে আসছেন। তাকে নিয়ে নেতিবাচক কিছু বলা কিংবা তার সমালোচনা করার চেষ্টা করাটাই দুঃসাহসিক হবে।’

রেড বুল সালজবুর্গের এই গোলরক্ষক আরও বলেন, ‘মেসির উপস্থিতি অসাধারণ। তার দলের ওপর সেটার স্পষ্ট প্রভাব দেখা যায়। মাঠে থাকলে তিনি যে প্রভাব তৈরি করেন এবং সতীর্থদের মধ্যে যে শক্তি সঞ্চার করেন, সেটা অনন্য। তাই তার বিপক্ষে খেলতে আমি মুখিয়ে আছি। তাকে থামাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।'

গ্রুপ ‘জে’-এর লড়াইয়ে ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়া ৩-১ গোলে জর্ডানকে হারিয়েছে। অন্যদিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা, যেখানে হ্যাটট্রিক করেছেন মেসি।

আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেছেন। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলারও হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

আর্জেন্টিনার বিপক্ষে ইতিবাচক ফল পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে অস্ট্রিয়া। এই ম্যাচ থেকে পয়েন্ট আদায় করতে পারলে শেষ ষোলো নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে যাবে তারা। তবে হারলে শেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হবে তাদের।

বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন আর্জেন্টিনা খেলবে জর্ডানের বিপক্ষে, আর একই দিনে আলজেরিয়ার মুখোমুখি হবে অস্ট্রিয়া।