জাহের আলভীর একদিন আগের পোস্টে স্ত্রীর মন্তব্য, আত্মহত্যা নিয়ে আলোচনা বাড়ছে

১ মার্চ ২০২৬ - ০৭:২৪ পূর্বাহ্ণ
 0
জাহের আলভীর একদিন আগের পোস্টে স্ত্রীর মন্তব্য, আত্মহত্যা নিয়ে আলোচনা বাড়ছে

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় জাহের আলভী শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি। এক পোস্টে তিনি জানান, এ সংবাদে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং দ্রুত দেশে ফিরছেন। ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। বিভিন্ন সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে তাদের মধ্যে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল।

ঘটনার একদিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জাহের আলভী। সেখানে তিনি লেখেন, “ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।” পোস্টটির মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে ইকরা লিখেছিলেন, “অভিনন্দন! ভুল করলে মাফ মিলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলা! আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাটছো কেন!” এই পোস্ট ও পাল্টা মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে নানা ব্যাখ্যা তৈরি হয়েছে।

অন্যদিকে, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান সংবাদমাধ্যমে বলেন, শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। এর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে। আমরা হাসপাতালে নেয়ার পরই জানতে পারি। আলমগীর জাহান আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।  ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।  

উল্লেখ্য, ভালোবেসে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। সংসারের শুরুতে নিজেদের স্বপ্ন পূরণ করতে নানান ত্যাগ স্বীকার করেছিলেন তারা। দুজনেই পরিশ্রমেই সব স্বপ্ন পূরণ হতে থাকে। আলভী ও ইকরার সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।