বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার সেই যুবকের সঙ্গে জামায়াত নেতার ছবি ভাইরাল
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও রেজিস্ট্রেশনবিহীন রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ গ্রেপ্তার আব্দুর রাহিমের সঙ্গে জেলা জামায়াতের সেক্রেটারি ও গত নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী বোরহান উদ্দিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তাদের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সোমবার (৮ জুন) রাতে এক প্রতিবাদলিপিতে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ জানান, অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আব্দুর রাহিমের সঙ্গে জামায়াত বা শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। জাতীয় সংসদ নির্বাচনের সময় গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচনি প্রচারণায় সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীদের ছবি তোলা স্বাভাবিক বিষয়। শুধু একটি ছবি দিয়ে কাউকে জামায়াতের কর্মী বা সমর্থক হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া আব্দুর রাহিম স্থানীয় ছাত্রদল নেতা রাকিবুল হাসান সম্রাটের ঘনিষ্ঠ ব্যক্তি এবং যে মোটরসাইকেলসহ তিনি গ্রেপ্তার হয়েছেন সেটি সম্রাটের। বিএনপি নিজেদের দায় এড়াতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করে উপজেলা জামায়াত। একই সঙ্গে এ ধরনের ‘মিথ্যা প্রচারের’ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।
প্রসঙ্গত, সোমবার (৮ জুন) সন্ধ্যায় বেগমগঞ্জ থানার বাংলাবাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজসংলগ্ন এলাকায় পুলিশের একটি চেকপোস্টে অভিযান চালিয়ে আব্দুর রাহিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আব্দুর রাহিম বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ (ভূঁইয়া বাড়ি) এলাকার জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, তল্লাশিকালে তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন রয়েল এনফিল্ড মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।