ইসরায়েলে সামরিক অভিযান স্থগিত করল ইরান, হামলা হলে ‘বিধ্বংসী জবাবের’ হুঁশিয়ারি

৮ জুন ২০২৬ - ১৪:৪৪ অপরাহ্ণ
 0
ইসরায়েলে সামরিক অভিযান স্থগিত করল ইরান, হামলা হলে ‘বিধ্বংসী জবাবের’ হুঁশিয়ারি

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। তবে একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে আগের চেয়ে আরও কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেয়া হবে।

এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম সিএনএন বলছে, তাসনিম সংবাদ সংস্থার উদ্ধৃত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী বলেছে, ‘লেবাননের নিপীড়িত জনগণের সমর্থনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই শাসনব্যবস্থা (ইসরায়েল)কে বেদনাদায়ক জবাব দিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, এমনকি দক্ষিণ লেবাননেও যদি তা চলতে থাকে তাহলে এর আগে যা দেখা গেছে তার চেয়ে অনেক বেশি কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেয়া হবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার ফোনে কথা বলেছেন বলে সিএনএনকে জানিয়েছেন ইসরায়েলের একটি সূত্র।

ইরান তাদের সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দেয়ার আগেই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। তবে দুই নেতা কী বিষয়ে আলোচনা করেছেন, তা স্পষ্ট নয়। ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধির বিষয়ে নেতানিয়াহু এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

এর আগে রোববারের ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত থেকে বিরত থাকতে বলেছিলেন বলে সিএনএনকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।