সব মাদ্রাসায় চালু হবে মিড-ডে মিল

৮ সেপ্টেম্বর ২০২৬ - ১২:২১ অপরাহ্ণ
 0
সব মাদ্রাসায় চালু হবে মিড-ডে মিল

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে এ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের ‘স্বাস্থ্য ও খাদ্য’কে অগ্রাধিকার দিয়ে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি (সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম) কর্মসূচির আওতায় ‘মাদ্রাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ (এমইইএসপি) প্রণয়ন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এ কর্মসূচির আওতায় ২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালু করা হবে। এর মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাগুলোও অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে সংসদ সদস্য তাঁর প্রশ্নে জানতে চান, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিল সুবিধা দিলেও মাদ্রাসার শিক্ষার্থীরা, বিশেষ করে অবহেলিত এতিমখানার শিক্ষার্থীরা কেন এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

জবাবে শিক্ষামন্ত্রী সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে দেশের সব মাদ্রাসাকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।