ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চূড়ান্ত হয়েছে নকশা
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত
ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হতে যাচ্ছে ইলেকট্রিক ট্রেন। ইতোমধ্যে এই রুটে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের সময় ও দূরত্ব কমিয়ে আনতে সরকার সমন্বিত উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে পুরো রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তর, ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নির্মাণ এবং ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রেল করিডরে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত ডিজাইন বা নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
কবে নাগাদ ইলেকট্রিক ট্রেন চালু হবে—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন পাওয়া সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হবে। এতে ট্রেনের গড় গতি বাড়ার পাশাপাশি যাত্রীদের যাতায়াতের সময়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে জানান সরকারপ্রধান।