৯০-এর দশকের ভাইরাল ছবি এআই দিয়েই বানান পুরোনো দিনের স্মৃতি
নব্বইয়ের দশকের ভাইরাল ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ এআই প্রম্পট
স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে জনপ্রিয় হচ্ছে নব্বইয়ের দশকের নস্টালজিয়া। ‘What Were You Like in the ’90s?’ নামের এই ট্রেন্ডে বর্তমান সময়ের ছবি বা ভিডিওর সঙ্গে নব্বইয়ের দশকের আদলে তৈরি ছবি যুক্ত করে তৈরি করা হচ্ছে ছোট স্লাইডশো।
টিকটক ও ইনস্টাগ্রামে দ্রুত ছড়িয়ে পড়া এই ট্রেন্ডে অংশ নিয়েছেন ড্রু ব্যারিমোর, ব্রুক শিল্ডস, হ্যালি বেরি, সেরেনা উইলিয়ামস, শাকিল ও’নিল ও উশারের মতো পরিচিত তারকারাও। পাশাপাশি সাধারণ ব্যবহারকারীরাও নিজেদের শৈশব, কৈশোর, পরিবার, ফ্যাশন ও সেই সময়কার জীবনযাপনের স্মৃতি তুলে ধরছেন।
নব্বইয়ের দশকের পোশাক, চুলের ধরন, পুরোনো ক্যামেরার গ্রেইন, ঘরের সাজ, রাস্তা কিংবা স্কুল-কলেজের পরিবেশ—সবকিছু মিলিয়ে ছবিতে তৈরি করা হচ্ছে সেই সময়ের অ্যানালগ আবহ। যাদের কাছে আসল নব্বইয়ের দশকের ছবি নেই, তারাও এখন এআই ব্যবহার করে বর্তমান ছবিকে সেই সময়ের আদলে রূপ দিতে পারছেন।
এআই টুলে নির্দিষ্ট প্রম্পট ব্যবহার করে পারিবারিক ছবি, কলেজজীবনের ছবি, ঈদের ছবি, বিয়ের ছবি, স্কুলজীবনের স্মৃতি, ঢাকার পুরোনো রাস্তার দৃশ্য, পারিবারিক পিকনিক কিংবা জন্মদিনের পার্টির মতো বিভিন্ন দৃশ্য তৈরি করা যাচ্ছে।
এমনকি ৩৫ মিলিমিটার ফিল্মের মতো টেক্সচার, ফেডেড কালার, পুরোনো ক্যামেরার গ্রেইন এবং নব্বইয়ের দশকের পোশাক ও চুলের স্টাইল ব্যবহার করে সিনেমাটিক ও নস্টালজিক পোর্ট্রেটও তৈরি করা সম্ভব।
তবে এআই দিয়ে তৈরি ছবিকে আসল পুরোনো ছবি হিসেবে উপস্থাপন না করে ছবির সঙ্গে ‘এআই দ্বারা তৈরি’ বা ‘এআই বিনোদন’ উল্লেখ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে দর্শকদের বিভ্রান্তি এড়ানোর পাশাপাশি নব্বইয়ের দশকের নস্টালজিয়াও উপভোগ করা যাবে।