রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন নিয়োগ প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন
রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন। এর আগে তিনি বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নবাব হোসেনকে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি—যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নবাব হোসেনের নতুন দায়িত্ব ঘিরে তার পূর্ববর্তী রাজনৈতিক ও প্রশাসনিক সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় এসেছে। তার নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ দেখা গেছে।
প্রসঙ্গত, বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নবাব হোসেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।