চলতি বছর হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে মোট ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ১২২টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৮৫২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার ৭৮১ জন জন হজযাত্রী রয়েছেন। পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৬টি, সৌদি এয়ারলাইন্স ৪৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী ৩১ মে পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। হজ শেষে আগামী ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।