মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো সক্রিয়: প্রতিমন্ত্রী ইশরাক
একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল দুর্ভাগ্য জনক হলেও এখন সংসদে বিএনপির প্রতিপক্ষ হয়েছে। এ ব্যর্থতার দায় সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলার সকল মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, এই আন্দোলনকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হিসেবে দেখা গেলেও দুটির মধ্যে তুলনা করা যায় না। মুক্তিযুদ্ধ ছিল সশস্ত্র যুদ্ধ, আর সাম্প্রতিক আন্দোলন ছিল গণআন্দোলন। ফলে জনযুদ্ধ ও গণআন্দোলন এক নয় বলে উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে নানা পদক্ষেপ গ্রহণের করেছে সরকার।
এদিন মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মহসিন মিয়া।
এছাড়া এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপি নেতা প্রফেসর গিয়াসউদ্দিন, সাবেক ভিপি রফিকুল ইসলাম মাসুমসহ প্রায় দুই শতাধিক স্থানীয় প্রবীণ মুক্তিযোদ্ধা।