বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের ব্যাপারে একমত হয়নি: মির্জা ফখরুল
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ নিয়ে বাহাস হওয়া ভালো। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা ভালো হতে পারে না। শনিবার (২ মে) দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের ব্যাপারে একমত হয়নি। কারণ, এটির কোনো নজির নেই। ১১-দলীয় জোট মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আন্দোলন করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য। আশা করি দ্রুত সংবিধান নিয়ে বিতর্ক শেষ হবে।
ছাত্র রাজনীতিকে সত্যিকার ও সঠিক খাতে প্রবাহিত না করলে ক্ষতি হবে বলেও উল্লেখ করেন তিনি। বিএনপির এ সিনিয়র নেতা বলেন, সংসদের শেষ দিনে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বলা হয়েছে এবং তারা দ্রুত সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে।