গ্রামীণ ব্যাংকের ৫০ বছর ও নোবেলজয়ের ২০ বছর: প্রফেসর ইউনূসকে সংবর্ধনা
গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর ও নোবেলজয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা জানিয়েছে গ্রামীণ ব্যাংক। রোববার (৫ এপ্রিল) রাজধানীর মিরপুরে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের সূচনালগ্নের সংগ্রামের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কঠিন বাস্তবতা থেকেই ক্ষুদ্রঋণ কার্যক্রমের ধারণার জন্ম। সে সময় চট্টগ্রামের জোবরা গ্রামের দরিদ্র নারীদের মাত্র ৫ টাকা করে ঋণ দিয়ে বাঁশের ঝুড়ি তৈরি ও বিক্রির উদ্যোগের মধ্য দিয়েই এই ধারণার ভিত্তি রচিত হয়।
তিনি আরও বলেন, গ্রামের নারীরা প্রতিকূলতা অতিক্রম করে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন—অক্ষরজ্ঞান অর্জন করেছেন, পরিবার ও সমাজে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন এবং একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের অংশে পরিণত হয়েছেন।
২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর পর এই প্রথম তিনি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় পুরোনো সহকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে তিনি গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে তার পুরোনো বাসভবন ও গ্রামীণ চেকের স্টল পরিদর্শন করেন। পরে কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নিয়ে প্রশিক্ষণ ভবনের ক্যান্টিনে মধ্যাহ্নভোজে অংশ নেন।
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।