নায়ক মান্নার গাড়ি পুড়ে ছাই কারাগারে ম্যানেজারসহ দুজন
আগুনে পুড়ল নায়ক মান্নার ব্যবহৃত গাড়ি, কারাগারে ম্যানেজারসহ দুজন
চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত একটি গাড়ি মেরামতের সময় আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় মান্নার পরিবারের ম্যানেজার মো. মামুন মন্ডল ও গাড়ির টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করলে আসামিপক্ষ জামিন চায়। শুনানির জন্য বুধবার দিন ধার্য করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, রাজধানীর ভাটারা এলাকার একটি ভবনের গ্যারেজে দীর্ঘদিন ধরে গাড়িটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। গাড়ির নিচে তেলের চিহ্ন দেখতে পেয়ে সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় ভবন কর্তৃপক্ষ। পরে গত ২৬ অক্টোবর গ্যারেজেই গাড়িটি মেরামতের কাজ শুরু করেন মামুন ও সোহেল। এ সময় সন্ধ্যা ছয়টার দিকে গাড়িটিতে আগুন লাগে। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি পাশের আরেকটি গাড়ি, গ্যারেজ, বিদ্যুতের তার, সিসিটিভি ক্যামেরা ও গেটের শাটারসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। মামলার অভিযোগে প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভবনের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে মামলা করে পুলিশ। পরে তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার দিকে দুজনকে গ্রেপ্তার করা হয়।