নির্যাতনে অসুস্থ সেই শিশুর চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসায় নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে বিমান উপদেষ্টা শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন। সেই সঙ্গে উপস্থিত পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। একই সময় শিশুটির চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন শেখ বশিরউদ্দীন।
এদিন শিশুটিকে বিমান উপদেষ্টা বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমান সরকারের প্রধান। তিনি তোমার খোঁজ নিতে আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। তোমার আর ভয়ের কোনো কারণ নেই, আমরা তোমার পাশে আছি।
প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন- এই শিশুর সঙ্গে যে আচরণ হয়েছে, তা জাতির জন্য লজ্জাজনক। এ সময় শিশুটির চিকিৎসা ব্যয়সহ তার সব দায়িত্ব সরকার বহন করবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসায় নির্যাতনের শিকার হয় ওই শিশু গৃহকর্মী। অসুস্থ হয়ে পড়লে গত ৩১ জানুয়ারি তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত সোমবার (২ ফেব্রুয়ারি) সাফিকুর রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে তাকে বরখাস্তও করা হয়।