‘নির্বাচনের পর যতদ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে সরকার’
নির্বাচনের পর যতদ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য নেই।
ফেসবুক স্ট্যাটাসে আবুল কালাম আজাদ মজুমদার লিখেন, নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে এমন দাবি বা প্রচারণা যারা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য অসৎ। তার ভাষায়, এই গোষ্ঠীটি কিছুদিন আগেও নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও অনিশ্চয়তা সৃষ্টি করার চেষ্টা করেছে।
তিনি আরও লিখেন, এখন যখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হচ্ছে, তখন ওই মহল নতুন করে ষড়যন্ত্রতত্ত্ব সামনে আনছে। এসব অপপ্রচার মূলত নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করারই একটি কৌশল।
তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর যতদ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কেবল একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করা, এর বাইরে কোনো রাজনৈতিক বা ক্ষমতাকেন্দ্রিক লক্ষ্য সরকারের নেই।