ভারত ম্যাচ বয়কটের কারণ জানালেন শেহবাজ, পাকিস্তানকে ধন্যবাদ আসিফ নজরুলের

৫ ফেব্রুয়ারি ২০২৬ - ০৫:৪৮ পূর্বাহ্ণ
 0
ভারত ম্যাচ বয়কটের কারণ জানালেন শেহবাজ, পাকিস্তানকে ধন্যবাদ আসিফ নজরুলের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে খেলার নির্দেশ দিলেও ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বয়কট করতে বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রীসভার বৈঠকে এই বয়কটের কারণ হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বলেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী। এবার শেহবাজের প্রতি ধন্যবাদ জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ধন্যবাদ পাকিস্তান’ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’

মন্ত্রীসভায় ভারত ম্যাচ না খেলার ব্যাপারে পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে ‘যথাযথ’ বলে উল্লেখ করে শেহবাজ বলেছিলেন, ‘খেলাধুলাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রেক্ষাপটে সম্মিলিত ও গভীর আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা পরিষ্কার অবস্থান নিয়েছি, ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না।’

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে ভেন্যুতে তাদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা প্রত্যাখ্যান করে এবং পরবর্তীতে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। এর প্রতিবাদ ও সংহতি প্রকাশের অংশ হিসেবে আগামী ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

এরপর আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। আইসিসির পক্ষ থেকে বলা হয়, ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। এরপরই বড় সিদ্ধান্ত নেয় পাকিস্তান। যদিও তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে আইসিসি।