২৭ বছর ইমামের দায়িত্ব বিদায়ে পেলেন লাখ টাকা

২৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৪৩ পূর্বাহ্ণ
 0
২৭ বছর ইমামের দায়িত্ব বিদায়ে পেলেন লাখ টাকা

২৭ বছর ইমামের দায়িত্ব পালন, বিদায়কালে পেলেন লাখ টাকা উপহার

চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘ ২৭ বছর একই মসজিদে ইমামতির পর আবেগঘন বিদায় পেলেন মাওলানা হুমায়ুন কবির চৌধুরী। বিদায় উপলক্ষে তাকে এক লাখ টাকা উপহার দেওয়ার পাশাপাশি ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেন মসজিদ কমিটি ও এলাকাবাসী।

শুক্রবার মঘাদিয়া ইউনিয়নের শেখেরতালুক জামে মসজিদে জুমার নামাজ শেষে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ২৭ বছর ধরে সুনামের সঙ্গে মসজিদটিতে ইমামের দায়িত্ব পালন করেন মাওলানা হুমায়ুন কবির চৌধুরী।

অসুস্থতার কারণে শুক্রবারই ছিল তার শেষ কর্মদিবস। এ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রিয় ইমামকে ক্রেস্ট দিয়ে সম্মান জানান মুসল্লি ও এলাকাবাসী।

দীর্ঘদিনের প্রিয় ইমামকে বিদায় দিতে মসজিদ চত্বরে জড়ো হন স্থানীয়রা। এ সময় অনেকের চোখে ছিল পানি। আবেগঘন বক্তব্যে মাওলানা হুমায়ুন কবির চৌধুরী বলেন, জীবনের বড় একটি সময় এই মসজিদ ও গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। দীর্ঘদিন দ্বীনের খেদমতে থাকতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। পাশাপাশি সবার কাছে নিজের জন্য দোয়া চান।

বিদায় অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক এস এম সুমন বলেন, মাওলানা হুমায়ুন কবির চৌধুরী এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। অসুস্থতার কারণে তাকে বিদায় দিতে হয়েছে। তার পরবর্তী জীবন সুন্দর ও শান্তিময় হোক—এমন প্রত্যাশা করেন তিনি।