১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব
পবিত্র ওমরাহ ঘিরে কার্যক্রম পরিচালনা করা প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে সৌদি আরবের প্রশাসন। গত রোববার (১ ফেব্রুয়ারি) সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদানে ঘাটতি থাকায় এসব বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করা হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় আরও জানায়, অনুমোদিত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ত্রুটি সংশোধনের সুযোগ দিতে এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি আবারও কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।তবে পবিত্র ওমরাহ পালনের জন্য যেসব যাত্রীদের বৈধ ভিসা রয়েছে ও আগে থেকেই বুকিং করে রেখেছেন, তাদের ওপর চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। তাদের সেবা কার্যক্রম আগের মতোই চলবে।
এ বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, ‘ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা জোরদার করা এবং হজযাত্রীদের অধিকার রক্ষায় মন্ত্রণালয় নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম চালু রাখবে।’