একটি রাজনৈতিক দল নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে: তারেক রহমান

২ ফেব্রুয়ারি ২০২৬ - ১২:২৮ অপরাহ্ণ
 0
একটি রাজনৈতিক দল নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে: তারেক রহমান

একটি রাজনৈতিক দল নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছে তারা নারীদের কী চোখে দেখে। নারীদের কিভাবে ঘরে রাখা যায় তা নিয়ে ব্যস্ত তারা।

তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়, তারা আর যাই হোক দেশদরদী বা জনদরদী হতে পারে না।

বিএনপি চেয়ারম্যান বলেন, দেশকে পুনর্গঠন করতে হলে নারী-পুরুষ ভেদাভেদ করলে চলবে না। নারী পুরুষ সবাইকে কাজ করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকার গঠনে সক্ষম হলে নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে।

তিনি বলেন, বিগত স্বৈরাচারের সময় যেভাবে ভোট করা হয়েছে, তারা এখন তেমন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। যারা মিথ্যা বলে ভোট দখল করতে চায়, তাদের বিষয়ে সজাগ এবং সতর্ক থাকুন।