ইরানে হামলা হলে পরিস্থিতি গড়াবে আঞ্চলিক যুদ্ধে: যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন খামেনি
ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসন চালানো হলে তা শুধু দ্বিপাক্ষিক সংঘাতে সীমাবদ্ধ থাকবে না—বরং পুরো মধ্যপ্রাচ্যকে জড়িয়ে পড়তে পারে একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে। এমন কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
পশ্চিমা গণমাধ্যমে তাঁর আত্মগোপনে থাকার গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে এসে যুক্তরাষ্ট্রের প্রতি এই হুঁশিয়ারি দেন তিনি। সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন প্রসঙ্গে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন যে তারা যুদ্ধজাহাজ পাঠিয়েছেন। তবে এসব সামরিক প্রদর্শনীতে ইরানের জনগণ ভীত নয়। এ ধরনের হুমকিতে তারা বিচলিতও হয় না।
তিনি আরও বলেন, ইরান কখনোই অন্যায়ের বিরুদ্ধে ন্যায্য প্রতিরোধে ভয় পায় না। দেশটি কোনো সংঘাতের সূচনাকারী নয়, কিন্তু যদি কেউ ইরানের ওপর আক্রমণ চালায়, তাহলে তার জবাব হবে কঠোর ও নির্দয়।
খামেনির ভাষায়, এবার যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে, তবে তার পরিণতি হবে ভয়াবহ। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের ওপর মার্কিন হামলা হলে সেটি আর সীমিত সংঘর্ষে আটকে থাকবে না; বরং তা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।
এদিকে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি জানিয়েছেন, চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।