প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি

১৩ নভেম্বর ২০২৫ - ১৭:৪৭ অপরাহ্ণ
 0
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা পুনর্ব্যক্ত করা এবং ভোটের দিন গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে সভাপতিত্ব করেন।

বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা গণভোট ও জাতীয় নির্বাচনের বিষয়ে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের মতামত গ্রহণ ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে স্থায়ী কমিটি জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি যাচাইয়ের জন্য ঘোষিত গণভোট দ্রুত সম্পন্ন করার এবং নির্বাচন কমিশনকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানায়।

বৈঠক শেষে রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “বিএনপি গণতন্ত্র ও জনগণের রায়ের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। আমরা চাই নির্বাচন ও গণভোট দুটোই যেন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়।”