তারেক রহমান যেদিন পা দেবেন, সেদিন বাংলাদেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, অনেক বাধা–বিপত্তি আসবে। বিএনপির বিরুদ্ধে প্রচারণা চলছে, সেটি চলতে থাকবে। সবকিছু কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিএনপি কোনো দিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপি এ দেশের জনগণের দল, মুক্তিযুদ্ধের দল। বিএনপিকে সাফল্য দেবে ইস্পাতদৃঢ় ঐক্য ও জাতীয়তাবাদী দর্শন, অন্য কিছু সফলতা দেবে না।
বিএনপির মহাসচিব বলেন, ১৯৭১-এর প্রজন্মকে যারা নিকৃষ্ট প্রজন্ম বলে, যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে তাদের রুখে দিতে হবে।
নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে নেতৃত্বের সুযোগ তৈরি হয়েছে।