‘আইনের শাসন কাকে বলে—তা আগামী নির্বাচনে দেখাতে চাই’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশবাসীর সামনে আইনের শাসনের বাস্তব চিত্র তুলে ধরতে চায় নির্বাচন কমিশন।
তিনি জানান, আসন্ন নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের পূর্ণ ক্ষমতা প্রদান করা হবে, যাতে তারা নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন। তবে এই ক্ষমতার অপব্যবহার বা দায়িত্বে ব্যর্থতা হলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে বলেও তিনি সতর্ক করে দেন।
শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল— ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’।
সিইসি বলেন,“আইনের শাসন কাকে বলে—তা আমরা আগামী নির্বাচনে প্রমাণ করতে চাই। প্রিজাইডিং অফিসাররা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে নির্বাচন হবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।”
তিনি আরও উল্লেখ করেন, কমিশন এমন একটি পরিবেশ তৈরি করতে কাজ করছে যেখানে আইনের প্রয়োগ সুনিশ্চিত হবে, এবং প্রতিটি ভোট যেন নিরপেক্ষভাবে গণনা হয়, তা নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।