কেন ‘ভালো প্রাক্তন স্বামী’ আমির খান? সাবেক স্ত্রীদের নিয়ে যা বললেন বন্ধুরা
কেন ‘ভালো প্রাক্তন স্বামী’ আমির খান?
বলিউড অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই রয়েছে। বিচ্ছেদের পরও সাবেক দুই স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এই অভিনেতা।
সম্প্রতি আমির খানের ঘনিষ্ঠ বন্ধু আমিন হাজি ও তার স্ত্রী শার্লট এক সাক্ষাৎকারে অভিনেতার ব্যক্তিত্ব ও সাবেক স্ত্রীদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন।
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে আমিন হাজি জানান, আমির একবার মজা করে তাকে বলেছিলেন, তিনি স্বামীর চেয়ে ‘ভালো প্রাক্তন স্বামী’।
আমিনের মতে, আমিরের কাছে বিশ্বস্ততা খুবই গুরুত্বপূর্ণ। কারও কোনো একটি বিষয়ে মন খারাপ হলেও সেটির প্রভাব অন্য বিষয় বা সম্পর্কের ওপর ফেলেন না তিনি। মানুষকে বিচার করার ক্ষেত্রেও আমিরের দৃষ্টিভঙ্গি আলাদা।
আমিন বলেন, আমির মনে করেন কোনো মানুষই নিখুঁত নয়। সবাই ভুল করে। তাই কারও ভুলের পাশাপাশি তার ভালো দিক ও ইতিবাচক কাজগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত।
আমিরের সাবেক স্ত্রী রিনা দত্তের ব্যক্তিগত পরিচয় ও পছন্দের প্রতিও তার যথেষ্ট সম্মান রয়েছে বলে জানান আমিন ও শার্লট। বিয়ের পরও রিনা নিজের নাম ও ধর্মীয় পরিচয় পরিবর্তন করেননি। আমিরও কখনো তাকে পরিচয় বদলাতে চাপ দেননি।
শার্লট জানান, রিনা নিজের নাম ‘রিনা দত্ত’ রেখেছেন এবং আমির সেটিকে সম্মান করেছেন। সন্তানদের নাম রাখার ক্ষেত্রেও রিনার পছন্দকে গুরুত্ব দেওয়া হয়েছিল।
আমিরের ইতিবাচক মানসিকতারও প্রশংসা করেন শার্লট। তার মতে, তারকা হওয়ার পরও নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে আমির মানুষের ভালো দিক খুঁজে নেওয়ার চেষ্টা করেন।
বিশেষ করে ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক মন্তব্যের মুখে পড়েছিলেন আমির। তবে এসব অভিজ্ঞতার কারণে তিনি সহজে মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন না। বরং মানুষকে বোঝার চেষ্টা করেন এবং সম্ভব হলে সম্পর্ক ধরে রাখেন।
বর্তমানে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। এর আগে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। তাদের দুই সন্তান জুনায়েদ ও আইরা। পরে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদের জন্ম হয়। ২০২১ সালে আমির ও কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন।