প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি তদন্তে ৪ সদস্যের কমিটি
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেশে ফেরার প্রস্তুতির সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ ঘটনায় ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিংকে। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।
তদন্ত কমিটিকে বিমানের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন খুঁজে বের করতে বলা হয়েছে। একই সঙ্গে উড়োজাহাজটির উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা পর্যালোচনা করবে কমিটি।
এ ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট পরিচালনায় বিলম্ব, যাত্রীদের ভোগান্তি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী ধরনের প্রভাব পড়েছে, সেসব বিষয়ও তদন্তের আওতায় থাকবে।
এর আগে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এ ঘটনার পর ত্রুটির কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনার উদ্যোগ নেয় বিমান কর্তৃপক্ষ।
চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে ত্রুটির কারণ এবং এ বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।