খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে পানিবন্দী ৪০ হাজার পরিবার
খাগড়াছড়িতে ৫ দিনের ভারী বর্ষণে চেঙ্গী ও মাইনী নদীর পাহাড়ি ঢলে সদর, পানছড়ি, মহালছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চলে পানিবন্দী অন্তত ৪০ হাজার পরিবার। সড়কে পানি উঠায় দীঘিনালার সঙ্গে সাজেক ও লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ। সাজেকে ঘুরতে যাওয়া ৪ শতাধিক পর্যটক নিরাপদে আছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এ দিকে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে পানি উঠায় সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। ভারী বর্ষণে পাহাড়ের মাটি ধসে পাড়ছে বিভিন্ন এলাকায়। বসবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানান, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারিদের সরে যেতে মাইকিং চলছে। আশ্রয়কেন্দ্রে না আসলে বা নিরাপদ আশ্রয়ে না গেলে আইন প্রয়োগ করা হবে প্রয়োজনে। এ ছাড়া পানিবন্দি দুর্গত মানুষদের জন্য সবধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, খাগড়াছড়ির ৯ উপজেলায় ১৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।