দীপাবলির রাতে গুলিবিদ্ধ রাষ্ট্রপতির দেহরক্ষী
দীপাবলির রাতে গুলিবিদ্ধ ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী
ভারতের দীপাবলি উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে সহিংসতায়। বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী বাহিনীর এক সেনাসদস্য। উত্তর প্রদেশের বাগপত জেলায় এ ঘটনা ঘটে। ২৬ বছর বয়সী ওই সেনাসদস্যের মাথায় গুলি লাগায় তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহত সেনাসদস্যের নাম সৌরভ তোমার। তিনি বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করা হলেও এখনো শঙ্কামুক্ত নন তিনি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, দীপাবলির রাতে বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফোটাচ্ছিলেন সৌরভ। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরাজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ সহিংসতায় রূপ নেয়। অভিযোগ রয়েছে, ধীরাজ দেশীয় পিস্তল বের করে গুলি ছোড়েন। গুলিটি প্রথমে একটি দেয়ালে আঘাত করে পরে সৌরভের কানের পেছনে মাথায় লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় ধীরাজের ভাই মনু ওরফে প্রবীণ লাঠি দিয়ে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। পাল্টাপাল্টি সংঘর্ষে মিন্টুও লাঠি দিয়ে প্রবীণকে আঘাত করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাঁরা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে প্রায় দুই মাস আগে তাঁদের মধ্যে একটি বিরোধের ঘটনা ঘটে। পুরোনো সেই বিরোধের সঙ্গে দীপাবলির রাতের সংঘর্ষের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সৌরভ তোমার ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিশেষ দেহরক্ষী বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রাচীন ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্টের এই বিশেষ নিরাপত্তা ইউনিটে কর্মরত সৌরভ দীপাবলি পরিবারের সঙ্গে উদ্যাপন করতে ছুটিতে নিজের গ্রামে এসেছিলেন।
গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বারাউতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরে মিরাট মেডিকেল কলেজ হয়ে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করতে সক্ষম হলেও শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক।
ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ জরুরি নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।